প্রবন্ধ
আদর্শ সমাজ গঠনে বিশ্বনবী মুহাম্মদ ﷺ : নববী সমাজ-দর্শন ও সমকালীন প্রাসঙ্গিকতা
১৬ আগস্ট, ২০২৬
৮৯
০
মানুষ স্বভাবতই সামাজিক জীব। একা মানুষ তার জীবনযাত্রার মৌলিক প্রয়োজন পূরণ করতে পারে না; পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, ন্যায়বিচার ও দায়িত্বশীলতার ভিত্তিতেই গড়ে ওঠে পরিবার, সমাজ ও রাষ্ট্র। কিন্তু কেবল মানুষের সমষ্টি একটি আদর্শ সমাজ তৈরি করে না। একই ভূখণ্ডে বসবাসকারী মানুষের মধ্যে যদি অন্যায়, অবিচার, প্রতারণা, হিংসা, বৈষম্য, স্বার্থপরতা ও নৈতিক অবক্ষয় বিস্তার লাভ করে, তাহলে সেই সমাজ বাহ্যিকভাবে উন্নত হলেও প্রকৃত অর্থে সভ্য ও আদর্শ সমাজে পরিণত হয় না।
মানবসভ্যতার ইতিহাসে বহু ব্যক্তি ও চিন্তাবিদ আদর্শ সমাজের স্বপ্ন দেখেছেন। কেউ অর্থনৈতিক কাঠামো পরিবর্তনের ওপর গুরুত্ব দিয়েছেন, কেউ রাজনৈতিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার ওপর, কেউ আইন ও প্রশাসনের সংস্কারকে অগ্রাধিকার দিয়েছেন। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ ﷺ-এর সমাজ-সংস্কারের বৈশিষ্ট্য ছিল- তিনি মানুষের অন্তর, বিশ্বাস, চরিত্র, পরিবার, অর্থনীতি, সামাজিক সম্পর্ক, আইন ও নেতৃত্ব- সবকিছুকে একটি সমন্বিত নৈতিক কাঠামোর অধীনে নিয়ে এসেছিলেন।
কুরআন ঘোষণা করেছে-
إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ
নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে। -সূরা আর-র‘দ: ১১
এই আয়াতের আলোকে বলা যায়, স্থায়ী সামাজিক পরিবর্তনের সূচনা মানুষের ভেতর থেকে। রাসূল ﷺ-এর সমাজ সংস্কারের পদ্ধতিতেও এই সত্য অত্যন্ত স্পষ্ট। তিনি প্রথমে মানুষের চিন্তা ও বিশ্বাসকে পরিবর্তন করেছেন, এরপর চরিত্র ও আচরণকে পরিশুদ্ধ করেছেন; তারপর সেই পরিবর্তিত ব্যক্তিদের সমন্বয়ে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের একটি নতুন কাঠামো নির্মাণ করেছেন।
আর এই নববী আদর্শ যে কেবল ইতিহাসের একটি অধ্যায় নয়, বরং সর্বকালের মানুষের জন্য অনুসরণীয়-কুরআন তা অত্যন্ত সুস্পষ্টভাবে ঘোষণা করেছে:
لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا
নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ- তার জন্য, যে আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। -সূরা আল-আহযাব: ২১
অতএব, আদর্শ সমাজ গঠনের প্রশ্নে বিশ্বনবী মুহাম্মদ ﷺ-এর জীবন ও কর্ম আমাদের জন্য শুধু একটি ঐতিহাসিক অধ্যয়ন নয়; বরং একটি ‘উসওয়ায়ে হাসানাহ’-অনুসরণীয় সর্বোত্তম আদর্শ। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র-জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর আদর্শ অনুসরণ করেই একটি ন্যায়ভিত্তিক, মানবিক, সুশৃঙ্খল ও কল্যাণমুখী সমাজ নির্মাণের পথ খুঁজে পাওয়া সম্ভব।
তাই আদর্শ সমাজ গঠনে বিশ্বনবী ﷺ-এর ভূমিকা আলোচনা করা মানে শুধু তাঁর জীবনের কিছু সামাজিক ঘটনার বিবরণ দেওয়া নয়; বরং তাঁর প্রতিষ্ঠিত মানবিক, নৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও ন্যায়ভিত্তিক সমাজ-দর্শনকে অনুধাবন করা।
১. জাহেলিয়াতের অন্ধকারে নববী সমাজ-সংস্কারের সূচনা
রাসূলুল্লাহ ﷺ-এর আগমনের পূর্বে আরব সমাজ ছিল নানা ধরনের সামাজিক ও নৈতিক সংকটে জর্জরিত। গোত্রীয় অহংকার ও সংঘাত, প্রতিশোধপরায়ণতা, মদ্যপান, জুয়া, সুদ, দুর্বলদের ওপর শক্তিশালীদের অত্যাচার, নারীর অধিকারহীনতা এবং বিভিন্ন ধরনের নৈতিক অবক্ষয় সমাজজীবনকে বিপর্যস্ত করেছিল।
তবে ইসলামপূর্ব আরব সমাজে সাহস, অতিথিপরায়ণতা, বীরত্ব, অঙ্গীকার রক্ষা ও দানশীলতার মতো কিছু ইতিবাচক গুণও ছিল। নবী ﷺ-এর আগমন সেই ইতিবাচক বৈশিষ্ট্যগুলোকে পরিশুদ্ধ ও সঠিক উদ্দেশ্যে পরিচালিত করেছে এবং অন্যায় ও জাহেলি প্রথাগুলোকে দূর করেছে।
অর্থাৎ নববী সমাজ সংস্কার ছিল কোনো জাতির সমস্ত ঐতিহ্যকে একসঙ্গে ধ্বংস করার প্রকল্প নয়; বরং সত্য ও কল্যাণকে সংরক্ষণ, অশুভকে বর্জন এবং মানুষের জীবনকে ওহির নির্দেশনার অধীনে পুনর্গঠন করার একটি সুসমন্বিত প্রক্রিয়া।
২. তাওহিদ: আদর্শ সমাজের প্রথম ভিত্তি
রাসূল ﷺ-এর সমাজ সংস্কারের প্রথম ও প্রধান ভিত্তি ছিল তাওহিদ- আল্লাহকে একমাত্র উপাস্য ও সর্বময় কর্তৃত্বের অধিকারী হিসেবে স্বীকার করা।
প্রশ্ন হতে পারে, একটি সমাজের নৈতিক ও সামাজিক সংস্কারের সঙ্গে তাওহিদের সম্পর্ক কী?
এর উত্তর অত্যন্ত গভীর।
যে ব্যক্তি বিশ্বাস করে যে, তার ওপর একজন সর্বজ্ঞ, সর্বদ্রষ্টা ও সর্বশক্তিমান আল্লাহর নজর-সার্বক্ষণিক পর্যবেক্ষণ রয়েছে এবং মৃত্যুর পর তাকে প্রতিটি কাজের হিসাব দিতে হবে, তার মধ্যে একটি অভ্যন্তরীণ জবাবদিহির অনুভূতি সৃষ্টি হয়। রাষ্ট্রীয় আইন তাকে দেখতে না পেলেও সে আল্লাহর কাছে নিজেকে দায়বদ্ধ মনে করে।
এই কারণে ইসলামের সমাজব্যবস্থা কেবল বাহ্যিক আইন ও শাস্তির ওপর দাঁড়িয়ে নেই; এর ভিত্তিতে রয়েছে ঈমান, তাকওয়া ও আখিরাতের জবাবদিহি।
আদর্শ সমাজের জন্য তাই শুধু ভালো আইন যথেষ্ট নয়; প্রয়োজন এমন মানুষ, যারা আইন প্রয়োগকারী প্রতিষ্ঠানকে ফাঁকি দেওয়ার সুযোগ পেলেও আল্লাহকে ফাঁকি দিতে ভয় পায়।
এটাই নববী সমাজ-দর্শনের অন্যতম মৌলিক বৈশিষ্ট্য।
৩. মানুষ পরিবর্তন: সমাজ পরিবর্তনের নববী পদ্ধতি
রাসূল ﷺ কোনো সমাজকে শুধু রাজনৈতিক ক্ষমতা অর্জনের মাধ্যমে পরিবর্তন করেননি। তাঁর দাওয়াতের কেন্দ্রবিন্দু ছিল মানুষকে আল্লাহর বান্দা হিসেবে গড়ে তোলা।
একজন মানুষ যখন ঈমান গ্রহণ করে, তখন তার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়। সে বুঝতে শেখে-
আমি স্বাধীন নই; আমি মহান আল্লাহর বান্দা। যিনি আমার অস্তিত্ব দানকারী। তিনি আমিসহ আমার সবকিছুর মালিক।
নিজ সম্পদে আমার ব্যবহারের মালিকানা হলেও প্রকৃত মালিক আল্লাহ।
ক্ষমতা একটি আমানত।
পরিবার আমার দায়িত্ব।
প্রতিবেশীর অধিকার রয়েছে।
দুর্বল মানুষের ওপর আমার সহানুভূতিপূর্ণ দায়বোধ রয়েছে।
অন্যের সম্পদ আত্মসাৎ করা হারাম।
মিথ্যা ও প্রতারণা শুধু সামাজিক অপরাধ নয়; আল্লাহর কাছে গুনাহ।
জীবনের প্রতিটি কাজের হিসাব দিতে হবে।
এই মানসিক বিপ্লবই পরবর্তীতে সামাজিক বিপ্লবের ভিত্তি তৈরি করে।
এ কারণেই নববী পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ সূত্র হলো-
হৃদয়ের সংস্কার → চরিত্রের সংস্কার → আচরণের সংস্কার → সম্পর্কের সংস্কার → সমাজের সংস্কার।
৪. চরিত্রগঠন: আদর্শ সমাজের প্রাণ
রাসূল ﷺ-এর সমাজ-সংস্কারে নৈতিকতার গুরুত্ব এত বেশি যে, তিনি তাঁর নবুওয়াতের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে উত্তম চরিত্রের পরিপূর্ণতাকে উল্লেখ করেছেন।
মুয়াত্তা ইমাম মালিকে বর্ণিত হয়েছে-
بُعِثْتُ لِأُتَمِّمَ حُسْنَ الْأَخْلَاقِ
আমি উত্তম চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্য প্রেরিত হয়েছি। -মুয়াত্তা ইমাম মালিক, হাদীস ১৮৮৫
সহিহ বুখারিতে রাসূল ﷺ বলেছেন-
إِنَّ خِيَارَكُمْ أَحَاسِنُكُمْ أَخْلَاقًا
তোমাদের মধ্যে সর্বোত্তম তারাই, যাদের চরিত্র সর্বোত্তম। -সহিহ বুখারি, হাদিস ৫৬৮৮
এখানে একটি গুরুত্বপূর্ণ সামাজিক দর্শন নিহিত রয়েছে।
একজন মানুষ যত বেশি জ্ঞানী হোক, যদি সে প্রতারক হয়- সমাজের জন্য সে বিপজ্জনক। একজন ব্যবসায়ী যত ধনী হোক, যদি সে ওজনে কম দেয়- তার সম্পদ সমাজের কল্যাণে যথেষ্ট নয়। একজন প্রশাসক যত ক্ষমতাবান হোক, যদি সে দুর্নীতিগ্রস্ত হয়- তার ক্ষমতা সমাজের জন্য অভিশাপে পরিণত হতে পারে।
অতএব আদর্শ সমাজের মূল সম্পদ শুধু অর্থ, অবকাঠামো বা প্রযুক্তি নয়; সৎ ও চরিত্রবান মানুষই আদর্শ সমাজের প্রধান সম্পদ।
৫. ব্যক্তি থেকে পরিবার: সমাজ নির্মাণের দ্বিতীয় স্তর
সমাজের সবচেয়ে ক্ষুদ্র কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো পরিবার। পরিবার ভেঙে গেলে সমাজের ভিত দুর্বল হয়ে পড়ে।
রাসূল ﷺ পরিবারকে দায়িত্ব, ভালোবাসা, দয়া ও ন্যায়ের ভিত্তিতে গড়ে তুলেছেন। স্বামীকে স্ত্রীর প্রতি দায়িত্বশীল করেছেন, স্ত্রীকে স্বামীর অধিকার সম্পর্কে সচেতন করেছেন, পিতা-মাতার মর্যাদা প্রতিষ্ঠা করেছেন এবং সন্তানদের প্রতি দয়া ও উত্তম আচরণের শিক্ষা দিয়েছেন।
কুরআন স্বামী-স্ত্রীর সম্পর্ককে শুধু আইনগত সম্পর্ক হিসেবে উপস্থাপন করেনি; বরং বলেছে-
وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً
তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। -সূরা আর-রূম: ২১
অর্থাৎ পরিবার হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে অধিকার ও দায়িত্বের পাশাপাশি মাওয়াদ্দাহ (ভালোবাসা) ও রহমাহ (মমতা) থাকতে হবে।
রাসূল ﷺ-এর সমাজ-সংস্কারের এই শিক্ষা আজ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ পরিবারে অবিশ্বাস, সহিংসতা, দায়িত্বহীনতা, বিবাহবিচ্ছেদ, সন্তানদের প্রতি অবহেলা এবং প্রজন্মগত মূল্যবোধের সংকট সমাজের বৃহত্তর অস্থিরতার কারণ হয়ে দাঁড়ায়।
৬. ভ্রাতৃত্ব: বিভক্ত সমাজকে ঐক্যবদ্ধ করার নববী কৌশল
আরব সমাজে গোত্রীয় পরিচয় ছিল অত্যন্ত শক্তিশালী। মানুষ অনেক সময় ন্যায়-অন্যায়ের পরিবর্তে নিজের গোত্রের পক্ষে দাঁড়াত।
রাসূল ﷺ এই সংকীর্ণ পরিচয়ের পরিবর্তে ঈমান ও মানবিকতার ভিত্তিতে নতুন ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেন।
মদিনায় হিজরতের পর মুহাজির ও আনসারের মধ্যে যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল, তা ছিল একটি অসাধারণ সামাজিক প্রকল্প। মক্কা থেকে আগত নিঃস্ব মুহাজিরদের সঙ্গে মদিনার আনসারদের পারস্পরিক সহযোগিতা সমাজের অর্থনৈতিক ও মানসিক পুনর্বাসনের এক অনন্য উদাহরণ হয়ে ওঠে।
এখানে রাসূল ﷺ দেখিয়েছেন-
সামাজিক ঐক্য শুধু বক্তৃতায় তৈরি হয় না; এর জন্য পারস্পরিক দায়িত্ববোধ, সম্পদ ভাগাভাগি, সহমর্মিতা এবং বাস্তব সহযোগিতা প্রয়োজন।
৭. ন্যায়বিচার: আদর্শ সমাজের মেরুদণ্ড
আদর্শ সমাজের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো ন্যায়বিচার।
কুরআন ঘোষণা করেছে-
إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ
নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচার ও ইহসানের নির্দেশ দেন। -সূরা আন-নাহল: ৯০
ইসলামের ন্যায়বিচার কোনো ব্যক্তি, দল, জাতি বা সম্প্রদায়ের স্বার্থের ওপর নির্ভরশীল নয়। কুরআন এমনকি শত্রুতাও যেন ন্যায় থেকে বিচ্যুত না করে সে নির্দেশ দিয়েছে-
وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَىٰ أَلَّا تَعْدِلُوا ۚ اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَىٰ
কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায়বিচার থেকে বিরত না রাখে। ন্যায়বিচার করো; এটিই তাকওয়ার অধিক নিকটবর্তী। -সূরা আল-মায়িদাহ: ৮
রাসূল ﷺ-এর বিচারব্যবস্থার অন্যতম শিক্ষা ছিল- আইনের মর্যাদা ব্যক্তি ও বংশের ঊর্ধ্বে।
এখানে নববী সমাজব্যবস্থার একটি মৌলিক নীতি স্পষ্ট হয়:
ন্যায় তখনই ন্যায়, যখন তা নিজের স্বার্থের বিরুদ্ধেও প্রয়োগ করা যায়।
৮. অর্থনৈতিক ন্যায়নীতি
সমাজে অন্যায় ও বৈষম্যের একটি বড় উৎস অর্থনৈতিক অনিয়ম। তাই রাসূল ﷺ অর্থনৈতিক জীবনকেও নৈতিকতার অধীন করেছেন।
তিনি নিষিদ্ধ করেছেন-
সুদ;
প্রতারণা;
ওজনে কম দেওয়া;
অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ;
মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টি;
চুক্তিভঙ্গ;
আমানতের খেয়ানত।
একই সঙ্গে যাকাত, সদকা, দান ও সামাজিক দায়িত্বের মাধ্যমে সম্পদের প্রবাহকে সমাজের দুর্বল মানুষের দিকেও পরিচালিত করেছেন।
এখানে ইসলামের অর্থনৈতিক দর্শনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো- সম্পদ অর্জন নিষিদ্ধ নয়; কিন্তু সম্পদ অর্জনের পদ্ধতি ও ব্যবহারের নৈতিকতা অপরিহার্য।
একজন মুসলিম ব্যবসায়ী শুধু “কত লাভ করলাম?” -এই প্রশ্ন করবে না; বরং “কীভাবে লাভ করলাম?”-এই প্রশ্নও করবে। যে কোনো সম্পদ উপার্জনকারী “শুধু কত সম্পদ উপার্জন করলাম সে চিন্তাই করবে না; বরং সমানভাবে চিন্তা করবে কীভাবে উপার্জন করলাম। ‘কত’-এর আগে ‘কীভাবে’ প্রশ্নই বেশি গুরুত্বপূর্ণ।
৯. দুর্বল মানুষের অধিকার
একটি সমাজ কতটা সভ্য- তা শুধু তার ধনী ও ক্ষমতাবান মানুষের জীবন দেখে বোঝা যায় না; বরং তার এতিম, বিধবা, দরিদ্র, অসহায়, শ্রমিক ও প্রান্তিক মানুষের অবস্থা দেখেও বোঝা যায়।
রাসূল ﷺ দুর্বল মানুষের অধিকারকে সামাজিক দায়িত্বে পরিণত করেছেন।
এতিমের সম্পদ আত্মসাৎ নিষিদ্ধ করা হয়েছে। দরিদ্রের জন্য যাকাত নির্ধারণ করা হয়েছে। প্রতিবেশীর অধিকারকে গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রমিকের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণের নির্দেশ দেওয়া হয়েছে।
এর ফলে সমাজের ধারণা শুধু “আমি এবং আমার পরিবার” থেকে বিস্তৃত হয়ে “আমি এবং আমার সামাজিক দায়িত্ব”-এ পরিণত হয়।
১০. প্রতিবেশীর অধিকার ও সামাজিক নিরাপত্তা
একটি আদর্শ সমাজে মানুষের দায়িত্ব শুধু আত্মীয়স্বজন পর্যন্ত সীমাবদ্ধ থাকে না। প্রতিবেশীও সামাজিক দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ।
রাসূল ﷺ প্রতিবেশীর অধিকারের প্রতি এত গুরুত্ব দিয়েছেন যে তাঁর বহু হাদিসে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। এক হাদিসে তো রাসূল ﷺ বলেছেন-
مَا زَالَ جِبْرِيلُ يُوصِينِي بِالْجَارِ، حَتَّى ظَنَنْتُ أَنَّهُ سَيُوَرِّثُهُ
জিবরীল আ. আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি নির্দেশনা দিতে থাকলেন যে, আমার মনে হলো- তিনি হয়তো প্রতিবেশীকে উত্তরাধিকারী বানিয়ে দেবেন। -সহীহ বুখারী, হাদীস: ৬০১৫; সহীহ মুসলিম, হাদীস: ২৬২৫
এর ফলে একটি মুসলিম সমাজে মানুষ কেবল নিজের বাড়ির নিরাপত্তা নিয়ে চিন্তা করবে না; বরং পাশের বাড়ির মানুষ ক্ষুধার্ত কি না, অসুস্থ কি না, বিপদে আছে কি না- সেটিও বিবেচনা করবে।
আজকের নগরসভ্যতায় যেখানে একই ভবনে বসবাস করেও মানুষ একে অপরকে চেনে না, সেখানে নববী প্রতিবেশী-দর্শন বিশেষভাবে প্রাসঙ্গিকতার গুরুত্ব বহন করে।
১১. মদিনা: নববী সমাজ-দর্শনের বাস্তব প্রয়োগ
মক্কার তেরো বছরের দাওয়াতের পর রাসূল ﷺ মদিনায় হিজরত করেন। সেখানে তাঁর সামনে ছিল একটি বহুমাত্রিক সামাজিক বাস্তবতা¬- মুহাজির, আনসার এবং বিভিন্ন ধর্ম ও গোত্রের মানুষকে নিয়ে একটি নতুন সামাজিক কাঠামো।
মদিনায় তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন:
প্রথমত, মসজিদ নির্মাণের মাধ্যমে ইবাদত, শিক্ষা, সামাজিক যোগাযোগ ও নেতৃত্বের একটি কেন্দ্র প্রতিষ্ঠা করেন।
দ্বিতীয়ত, মুহাজির ও আনসারের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেন।
তৃতীয়ত, বিভিন্ন সম্প্রদায়ের পারস্পরিক অধিকার ও দায়িত্ব নির্ধারণে একটি চুক্তিভিত্তিক সামাজিক কাঠামো প্রতিষ্ঠা করেন।
মদিনার সনদকে আধুনিক গবেষণায় মদিনার বিভিন্ন গোষ্ঠীর মধ্যে একটি রাজনৈতিক-সামাজিক চুক্তি হিসেবে আলোচনা করা হয়। ঐতিহাসিক সূত্রগুলোতে এটি মদিনার বহুগোষ্ঠীভিত্তিক সমাজের পারস্পরিক সম্পর্ক ও দায়িত্ব নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত।
এখানে রাসূল ﷺ-এর সমাজ-দর্শনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখা যায়- বৈচিত্র্যের মধ্যেও সামাজিক দায়িত্ব, চুক্তি, নিরাপত্তা ও ন্যায় প্রতিষ্ঠা।
১২. ক্ষমতার ব্যবহার: আধিপত্য নয়, আমানত
সমাজ পরিচালনায় ক্ষমতা একটি প্রয়োজনীয় বিষয়। কিন্তু ক্ষমতা মানুষের জন্য কঠিন পরীক্ষারও বিষয়।
রাসূল ﷺ ক্ষমতাকে ব্যক্তিগত গৌরব বা সম্পদ অর্জনের উপায় হিসেবে ব্যবহার করেননি। বরং নেতৃত্বকে আমানত হিসেবে দেখিয়েছেন।
তাঁর জীবন থেকে বোঝা যায়- একজন আদর্শ নেতা মানুষের ওপর শুধু কর্তৃত্ব করেন না; বরং তাদের সেবা করেন, তাদের সমস্যা শোনেন, দুর্বলদের পাশে দাঁড়ান এবং নিজের জীবনেও সরলতা ও দায়িত্বশীলতার উদাহরণ স্থাপন করেন।
এই কারণে নববী নেতৃত্বের মূলনীতি হতে পারে-
ক্ষমতা → দায়িত্ব
সম্পদ → আমানত
নেতৃত্ব → সেবা
আইন → ন্যায়
প্রতিষ্ঠান → জনকল্যাণ
১৩. সামাজিক বিরোধ মীমাংসা
সমাজে মতভেদ থাকবে- এটাই স্বাভাবিক। কিন্তু মতভেদ যখন বিদ্বেষ, সংঘর্ষ ও বিচ্ছিন্নতায় রূপ নেয়, তখন সমাজ দুর্বল হয়ে পড়ে।
রাসূলুল্লাহ ﷺ সামাজিক সম্পর্কের সংশোধনকে অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল হিসেবে অভিহিত করেছেন। আবু দারদা (রা.) থেকে বর্ণিত, রাসূল ﷺ বলেন,
أَلَا أُخْبِرُكُمْ بِأَفْضَلَ مِنْ دَرَجَةِ الصِّيَامِ وَالصَّلَاةِ وَالصَّدَقَةِ؟ ... قَالَ: إِصْلَاحُ ذَاتِ الْبَيْنِ، وَفَسَادُ ذَاتِ الْبَيْنِ الْحَالِقَةُ
আমি কি তোমাদের এমন একটি আমলের কথা বলব না, যা রোজা, নামাজ ও সদকার চেয়েও মর্যাদাপূর্ণ? ...তা হলো পরস্পরের সম্পর্ক সংশোধন করা। আর পরস্পরের সম্পর্ক নষ্ট করা সর্বনাশা। -সুনান আবু দাউদ, হাদিস ৪৯১৯; জামে‘ তিরমিযী, হাদিস ২৫০৯
এখানে একটি বড় শিক্ষা হলো-
আদর্শ সমাজে বিরোধহীন মানুষ থাকবে না; কিন্তু বিরোধ মীমাংসার ন্যায়সংগত ও নৈতিক ব্যবস্থা থাকতে হবে।
বর্তমান সময়ে পারিবারিক কাউন্সেলিং, সালিশ, মধ্যস্থতা এবং সামাজিক পুনর্মিলনের যে প্রয়োজন- নববী সমাজ-দর্শনের আলোকে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
১৪. নববী সমাজের বৈশিষ্ট্য: একটি সমন্বিত কাঠামো
রাসূল ﷺ-এর সমাজ-সংস্কারকে যদি একটি কাঠামোয় প্রকাশ করা হয়, তাহলে তা এভাবে উপস্থাপন করা যায়-
তাওহিদ
↓
তাকওয়া ও আখিরাতের জবাবদিহি
↓
নৈতিক চরিত্র
↓
সৎ ব্যক্তি
↓
সুস্থ পরিবার
↓
ভ্রাতৃত্ব ও সামাজিক দায়িত্ব
↓
ন্যায়বিচার
↓
নৈতিক অর্থনীতি
↓
সুশাসন ও জনকল্যাণ
↓
আদর্শ সমাজ
এই কাঠামো থেকে বোঝা যায়, রাসূল ﷺ শুধু সমাজের ওপর থেকে পরিবর্তন আনেননি; তিনি সমাজের তৃণমূল থেকে শীর্ষ পর্যন্ত পরিবর্তন এনেছেন।
১৫. বর্তমান সমাজে নববী মডেলের প্রয়োজনীয়তা
আজ পৃথিবী প্রযুক্তিগতভাবে অভূতপূর্ব উন্নতি করেছে। যোগাযোগের গতি বেড়েছে, চিকিৎসাবিজ্ঞান উন্নত হয়েছে, শিক্ষা বিস্তৃত হয়েছে, অর্থনীতি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু একই সঙ্গে মানুষের মধ্যে একাকিত্ব, পারিবারিক অস্থিরতা, নৈতিক অবক্ষয়, দুর্নীতি, সহিংসতা, অর্থনৈতিক বৈষম্য এবং সামাজিক অবিশ্বাসও অনেক ক্ষেত্রে বেড়েছে।
এ অবস্থায় রাসূল ﷺ-এর সমাজ-দর্শন নতুন করে গুরুত্বের সাথে প্রাসঙ্গিক হয়ে ওঠে।
আমাদের যদি দুর্নীতি কমাতে হয়, শুধু দুর্নীতিবিরোধী আইন করলেই হবে না- আমানতদারি ও আল্লাহভীতি তৈরি করতে হবে।
ব্যবসায় প্রতারণা কমাতে শুধু ভোক্তা-অধিকার আইন যথেষ্ট নয়- হালাল-হারামের চেতনা তৈরি করতে হবে।
পারিবারিক ভাঙন কমাতে শুধু বিচ্ছেদের আইন পরিবর্তন যথেষ্ট নয়- স্বামী-স্ত্রীর দায়িত্ব, ভালোবাসা, ক্ষমাশীলতা ও পারস্পরিক সম্মান শেখাতে হবে।
সামাজিক বিভাজন কমাতে শুধু ঐক্যের স্লোগান যথেষ্ট নয়- ভ্রাতৃত্ব, ন্যায় ও পারস্পরিক অধিকার ও শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠা করতে হবে।
১৬. আদর্শ সমাজ গঠনে আমাদের করণীয়
রাসূল ﷺ-এর সমাজ-দর্শন বাস্তবায়নের জন্য কয়েকটি স্তরে কাজ করা প্রয়োজন।
ব্যক্তি পর্যায়ে
প্রথমে প্রত্যেক ব্যক্তিকে নিজের ঈমান, ইবাদত, চরিত্র, সততা ও দায়িত্ববোধ সংশোধন করতে হবে।
পরিবার পর্যায়ে
পরিবারে কুরআন-সুন্নাহর শিক্ষা, পারস্পরিক সম্মান, সন্তানদের নৈতিক শিক্ষা এবং বিরোধ মীমাংসার সংস্কৃতি গড়ে তুলতে হবে।
মসজিদ পর্যায়ে
মসজিদকে শুধু নামাজের স্থান হিসেবে নয়; বরং শিক্ষা, নৈতিকতা, সামাজিক পরামর্শ, পারিবারিক সংস্কার এবং জনকল্যাণের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে
শুধু পরীক্ষামুখী শিক্ষা নয়; চরিত্র, আমানতদারি, সামাজিক দায়িত্ব, মানবিকতা, নৈতিকতা ও আদর্শ নেতৃত্বের শিক্ষা দিতে হবে।
অর্থনৈতিক ক্ষেত্রে
হালাল ব্যবসা, স্বচ্ছতা, চুক্তি রক্ষা, শ্রমিকের অধিকার এবং দরিদ্রের প্রতি দায়িত্ব নিশ্চিত করতে হবে।
সামাজিক পর্যায়ে
প্রতিবেশী, এতিম, বিধবা, দরিদ্র, অসুস্থ ও দুর্বল মানুষের জন্য স্থানীয় সামাজিক সহায়তা ব্যবস্থা গড়ে তুলতে হবে।
রাষ্ট্রীয় পর্যায়ে
ন্যায়বিচার, আমানতদারি, দক্ষতা, জবাবদিহি ও জনকল্যাণকে প্রশাসনের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
শেষকথা
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ﷺ-এর জীবন মানবসমাজের জন্য একটি পূর্ণাঙ্গ সংস্কার-দর্শনের বাস্তব উদাহরণ। তিনি এমন একটি সমাজ পেয়েছিলেন যেখানে ধর্মীয় বিভ্রান্তি, গোত্রীয় সংঘাত, সামাজিক বৈষম্য ও নৈতিক অবক্ষয় ছিল ব্যাপক; কিন্তু মাত্র কয়েক দশকের মধ্যে তিনি এমন এক প্রজন্ম গড়ে তুলেছিলেন যারা ঈমান, চরিত্র, ন্যায়, ভ্রাতৃত্ব, ত্যাগ, আমানতদারি ও মানবিকতার ক্ষেত্রে ইতিহাসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
তাঁর সাফল্যের রহস্য শুধু কোনো একটি রাজনৈতিক বা অর্থনৈতিক ব্যবস্থায় ছিল না। বরং তিনি মানুষের হৃদয়কে পরিবর্তন করেছেন, চিন্তাকে পরিবর্তন করেছেন, চরিত্রকে পরিবর্তন করেছেন এবং সেই পরিবর্তিত মানুষদের মাধ্যমে সমাজের প্রতিষ্ঠানগুলোকে পরিবর্তন করেছেন।
তাই আদর্শ সমাজ গঠনের নববী সূত্রকে একটি বাক্যে বলা যায়-
মানুষকে পরিবর্তন করো, পরিবারকে পরিবর্তন করো, সামাজিক সম্পর্ককে ন্যায় ও মমতার ভিত্তিতে পুনর্গঠন করো- তাহলেই সমাজ পরিবর্তিত হবে।
কুরআনের ভাষায়-
إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ
নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। -সূরা আর-র‘দ: ১১
অতএব, আজ আমরা যদি সত্যিই একটি আদর্শ সমাজ চাই, তাহলে শুধু রাসূল ﷺ-এর প্রশংসা করাই যথেষ্ট নয়; বরং তাঁর সমাজ-সংস্কারের পদ্ধতি, নৈতিক দর্শন ও জীবনাদর্শকে ব্যক্তি ও সামষ্টিক জীবনে প্রকৃত অর্থে বাস্তবায়ন করতে হবে।
কারণ বিশ্বনবী ﷺ-এর রেখে যাওয়া শিক্ষা শুধু অতীতের কোনো ঐতিহাসিক স্মারক নয়; এটি মানুষের অন্তর থেকে সমাজ পর্যন্ত পরিবর্তনের একটি জীবন্ত ও কার্যকর পথনির্দেশ।
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
সীরাতুন্নবী-মীলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
[প্রদত্ত বয়ান থেকে সংগৃহীত] দু'টি শব্দের সমন্বয়ে সীরাতুন্নবী শব্দটি গঠিত। একটি হল 'সীরাত' অপরটি 'আন...
শানে রেসালাত; এই দুঃসাহস অসহ্য! এই ধৃষ্টতা অমার্জনীয়!!
চলতি বছরের ষোলই অক্টোবর ফ্রান্সের প্যারিস নগরীর শহরতলীতে গলা কেটে হত্যা করা হয় এক স্কুলশিক্ষককে। কুল...
সীরাতে নববীর সফল অধ্যয়ন, কীভাবে?
চলছে মহিমান্বিত রবিউল আউয়াল মাস, সীরাতুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সবচেয়ে স...
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনই একমাত্র বিশ্বজনীন ও চিরন্তন আদর্শ
সী রা ত বি ষ য় ক গ বে ষ ণা প্র ব ন্ধ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনই একমাত্র বি...
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন